English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭ ১৪:১৪

‘চট্টগ্রাম-রাজশাহীতে নতুন দুটি চামড়া শিল্পঞ্চল হবে’

অনলাইন ডেস্ক
‘চট্টগ্রাম-রাজশাহীতে নতুন দুটি চামড়া শিল্পঞ্চল হবে’

চট্টগ্রা‌ম ও রাজশাহীতে আরও ২টি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বাংলাদেশ লেদার, ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো ২০১৭’ -এর উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘চামড়া শিল্প খাতের সামগ্রিক বিকাশের জন্য আমরা ইতোমধ্যে সাভারে পরিবেশসম্মত চামড়া শিল্প নগরী গড়ে তুলেছি। রাজশাহী ও চট্টগ্রা‌মে নতুন দু’‌টি চামড়া শিল্পাঞ্চল গ‌ড়ে তোলা হবে। বাংলা‌দে‌শে এ শিল্প ছ‌ড়ি‌য়ে দেওয়া প্র‌য়োজন। চামড়াজাত শিল্পে সরকারের ১৫ শতাংশ সহায়তা আরও পাঁচ বছর অব্যাহত রাখার বিষয়টি বি‌বেচনাধীন রয়েছে।’

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়া শিল্প খাতের উন্নয়নে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘প্রডাক্ট অব দা ইয়ার’ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন।

এ সময় আগামী অর্থবছরে এ খাত‌কে সব‌চে‌য়ে গুরুত্ব দেওয়া হ‌চ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি’বি) পঞ্চমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এ ট্রেড শো। বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্পের পাশাপাশি প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিকেল এবং এক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হচ্ছে এ মেলায়।  

অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে রয়েছে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলংকা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান ও হংকং এর মোট ২৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আগামী শনিবার পর্যন্ত চলবে এই মেলাটি। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।