English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৩:২১

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালত আরো ১৫ মামলা

অনলাইন ডেস্ক
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালত আরো ১৫ মামলা

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আরো ১৫টি মামলা হয়েছে। শ্রমিকদের ‘প্রাপ্য বকেয়া’ পরিশোধ না করায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে মামলাগুলো করা হয়।

এই অভিযোগে এর আগে ১২টি মামলা হয়েছিল। শ্রম আদালত সূত্র জানান, ১২ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ১৫টি মামলা করা হয়। বিচারক প্রাথমিকভাবে বিবাদীদের জবাব দিতে আগামী ৩ ও ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। এর আগে একই অভিযোগে আগের ১২টি মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করা হয়।

জানা যায়, গ্রামীণ টেলিকম ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ১৫৮ কোটি টাকা মুনাফা করে। শ্রম আইন অনুযায়ী নিট মুনাফার ৫ শতাংশ কোম্পানির কর্মীদের দেওয়ার কথা। এই হিসাবে কর্মীদের নিট মুনাফা ১০৭ কোটি ৯৩ লাখ টাকা হয়।  কিন্তু কর্মীদের প্রাপ্য পরিশোধ করা হয়নি এবং সরকারকেও টাকা দেওয়া হয়নি।