English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১১:২৪

এমবিবিএসে ভর্তিতে ৫ নম্বর কাটতে বাধা নেই

অনলাইন ডেস্ক
এমবিবিএসে ভর্তিতে ৫ নম্বর কাটতে বাধা নেই

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে নেওয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে এমবিবিএসে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কাটতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ইউনুছ আলী আকন্দ বলেন, চেম্বারের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এখন পাঁচ নম্বর কাটতে আর বাধা থাকলো না। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করেন। একইসঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে দ্বিতীয়বার অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তির ৬ নম্বর প্যারায় বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সর্বমোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাতালিকা থেকে পাঁচ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়। এর পাশাপাশি ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। রিটে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মেডিক্যালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।