English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৮:২৭

শ্রীলংকায় কাল শুরু হচ্ছে সার্ক স্পিকারস সম্মেলন

অনলাইন ডেস্ক
শ্রীলংকায় কাল শুরু হচ্ছে সার্ক স্পিকারস সম্মেলন

শ্রীলংকার রাজধানী কলম্বোতে আগামীকাল বুধবার শুরু হচ্ছে অষ্টম সার্ক স্পিকারস ও সংসদ সদস্য সম্মেলন।

সম্মেলনে যোগ দিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে কলম্বোতে পৌঁছেছে।

সেখানে অবস্থানকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার রাতে ভারত ও বাংলাদেশের স্পিকারের মধ্যে বৈঠক হয়। বৈঠককালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্পিকার শিরীন শারমিন আগামী পহেলা নভেম্বর থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি  কনফারেন্স (সিপিসি) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "৬৩তম সিপিসি'র আয়োজনের প্রস্তুতি চলছে। ওই সম্মেলনে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ ও বিভিন্ন সিপিএ ব্র্যাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সদস্যসহ প্রায় ছয় শ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

বৈঠকে ভারতের লোকসভার স্পিকার বলেন, "বিগত আইপিইউ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ৬৩তম সিপিসিতে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে একটি বড় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

" আসন্ন সিপিএ সম্মেলন আয়োজনেও বাংলাদেশ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, সার্ক স্পিকারস ও সংসদ সদস্য সম্মেলনে অংশ নিতে সোমবার দুপুরে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল শ্রীলংকার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস ও সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. আবদুর রব হাওলাদার।

প্রতিনিধি দলের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য দেবেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত সম্মেলন চলাকালে তিনি সার্কভুক্ত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।