English Version
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৮

শুভ বিজয়া দশমী আজ

অনলাইন ডেস্ক
শুভ বিজয়া দশমী আজ

শুভ বিজয়া দশমী আজ। মর্ত্য থেকে আজ কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা। আর এর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

৩০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭টায় দশমী পূজা আরম্ভ হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। ৯টা ৫১ মিনিটের মধ্যে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন এবং শান্তিজল গ্রহণ।

এবার দেবী এসেছিলেন নৌকায় চড়ে, আর বিদায় নেবেন ঘটকে। পেছনে ফেলে যাবেন ভক্তদের চারদিনের আনন্দ-উল্লাস আর বিদায় দিনের অশ্রু। আবার ফিরে আসবেন আগামী শরতে। তাই মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার মণ্ডপে-মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ভক্তিমূলক গান, নাচ, ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে মহালয়ায় মর্ত্যে আহবান জানানো হয়েছিলো। সে দিন মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ।

২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দুর্গার বোধনের মাধ্যমে শুরু শুরু হয় পাঁচদিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালনের পর ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে দুর্গোৎসব শেষ হবে।

দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর রাজধানীর বনানী পূজা মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘অশুভ শক্তি এখনো ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত যা আমরা লক্ষ্য করি। কিন্তু বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।’