English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৫৫

তাজিয়া মিছিল : ব্যাপক প্রস্তুতি ডিএমপির

অনলাইন ডেস্ক
তাজিয়া মিছিল : ব্যাপক প্রস্তুতি ডিএমপির

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে মহররমের মিছিলে সকল প্রকার ধাতব বস্তু বহন, জিঞ্জির, দা-ছুরি-তলোয়ার, ঢোল-লাঠিখেলা এবং আগুন খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যারা মিছিলে অংশ নেবেন, তারা মিছিলের শুরুর স্থানে এসে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির পর অংশ নেবেন। পথের মাঝখান থেকে কেউ মিছিলে যোগ দিতে পারবেন না।

২০১৫ সালের আশুরায় তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় হোসেনি দালানে হামলার ঘটনা থেকেই এ বছর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান আছাদুজ্জামান। নিরাপত্তা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, তাজিয়া মিছিলসহ মহররমের বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তার জন্য রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। হোসনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীর বিভিন্ন ইমাম বাড়ায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

আগামী ১ অক্টোবর আশুরা ‍উপলক্ষে হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ধানমন্ডি লেক এলাকায়ও সিসি ক্যামেরা রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

হোসেনি দালানে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় অভিযোগপত্র জমা দেয়া হয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ওই মামলার কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু আসামি জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছে।