English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৩৬

হিন্দু রোহিঙ্গাদের সহায়তায় আলেম সমাজ

অনলাইন ডেস্ক
হিন্দু রোহিঙ্গাদের সহায়তায় আলেম সমাজ

নির্যাতিত রোহিঙ্গা হিন্দুদের সহায়তায় এগিয়ে এসেছে উখিয়ার আলেমেরা। ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, তা দেখিয়ে দিয়েছেন তারা। সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাদের কাছে হিন্দু কিংবা মুসলিম পরিচয় একেবারেই গৌণ। তারা নিপীড়িত রোহিঙ্গা হিন্দুদের শুধু ত্রাণ নয় বরং তাদের খোঁজ খবরও নিচ্ছেন নিয়মিত। মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় হিন্দু রোহিঙ্গাদের মাঝে মুসলিম আলেমদের ত্রাণ বিতরণের এই দৃশ্য দেখা গেছে।

উখিয়ার ভালুকিয়াপালং জামে মসজিদের খতিব মওলানা নুরুল আলম ও মওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে একদল আলেম হিন্দুদের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন। মুসলিমদের ত্রাণ সহায়তা পেয়ে হিন্দুরা ভীষণ খুশি। নির্যাতনের শিকার সুরধন পাল স্ত্রী বিনাবালাকে নিয়ে রাখাইনের মংড়ুর চিকনছড়িপাড়া থেকে উখিয়ায় কুতুপালংয়ে আশ্রয় নিয়েছেন।

আলেমদের ত্রাণের প্যাকেট হাতে পেয়ে সুরধন পাল বলেন, রোহিঙ্গা আগমনের শুরুতে উখিয়া টেকনাফের মুসলমানরা নির্যাতিত রোহিঙ্গাদের পাশে না দাঁড়ালে অনেকে না খেয়ে মারা যেত। তারা যেভাবে ছুটে এসেছেন, আমরা হিন্দুরা তাদের ধন্যবাদ জানাই। মাওলানা নুরুল আলম বলেন, আমাদের সামাজিক সংগঠন ‘সূর্যোদয় সংঘের’ মাধ্যমে আমরা নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে নিয়মিতভাবে সহযোগিতা দিচ্ছি। তিনি আরো বলেন, রোহিঙ্গারা আসার পর শুরুতে তাদের সাহায্য করার মতো তেমন কেউ ছিল না। সে সময় উখিয়া টেকনাফের মানুষেরা তাদের ভাত রান্না করে খাইয়েছে,পানি দিয়েছে। ইসলামের শিক্ষাই হচ্ছে মানবতার সেবা, এখানে হিন্দু মুসলমান কোনো প্রশ্ন নয়।