English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪৩

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অর্থ রোহিঙ্গাদের জন্য

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অর্থ রোহিঙ্গাদের জন্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের সব আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই অর্থ রোহিঙ্গাদের ত্রাণসহায়তা হিসেবে দেয়ার জন্য দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোববার এক অনুষ্ঠানে এ তথ্য জানান। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭০তম জন্মবার্ষিকী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাসের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মন্ত্রী সকালে নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে রেড ক্রিসেন্টের পক্ষ নগদ অর্থসহায়তা প্রদানের পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও এক লাখ টাকা অনুদান দেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

মতবিনিময়কালে মন্ত্রী বলেন, এখন দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের সাহসী ও মানবিক ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সুস্পষ্ট। প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবগুলোর মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, বিজিবির এরিয়া কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আজিম, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।