English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:০৪

রোহিঙ্গা ইস্যু: মহাসমাবেশ করবে হেফাজত

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ইস্যু: মহাসমাবেশ করবে হেফাজত

রোহিঙ্গা শরণার্থীদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবিতে ৬ অক্টোবর কক্সবাজারে মহাসমাবেশর ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার বিকাল সাড়ে ৩টায় হেফাজত আমীর আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত ওলামায়ে কেরামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় হেফাজত আমীর মিয়ানমারের আরাকানে মুসলমানদের ওপর পৈশাচিক গণহত্যা, নির্যাতন ও বিতাড়ন বন্ধ এবং নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে রোহিঙ্গাদের আরাকানে ফেরত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় আরাকানে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা একান্ত প্রয়োজন। মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বসংস্থা ও মুসলিম রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, আরাকানে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা মুসলমানদের জন্যে নিরাপত্তা জোন তৈরি করতে হবে। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতাদের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সাম্প্রদায়িক মানবতার পক্ষে জোরালো ভূমিকা পালন করতে হবে। মুসলিম সংখ্যালঘুদের ওপর নৃশংস গণহত্যা পরিচালনার দায়ে এবং মানবতার বিরোধী অপরাধের কারণে থেইন সেইন সরকার ও অং সান সুচিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকীম প্রমুখ।