English Version
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:১২

বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে ইন্দোনেশিয়া

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশকে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে ইন্দোনেশিয়া। শুক্রবার (১৫ সেপ্টম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম গুলোতে এ খবর প্রচারিত হয়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইগনাসিয়াস জোহান বলেন, ‘ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তিতে সমঝোতা সই হয়েছে। দুই দেশই জ্বালানি খাত, বিশেষ করে (রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস প্রতিষ্ঠান) পের্তামিনা ও সম্ভাব্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে সহায়তা করা হবে।’ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি খাত এবং শিল্পে যখন এলএনজি দরকার তখনই এ সমঝোতা স্মারক সই হলো। তিনি বলেন, দিন দিন বাংলাদেশে জ্বালানি চাহিদা ব্যাপকভাবে বাড়ছে।