English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৩৩

পূজায় নিরাপত্তা বিধানে পুলিশ সচেষ্ট থাকবে : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
পূজায় নিরাপত্তা বিধানে পুলিশ সচেষ্ট থাকবে : ডিএমপি কমিশনার

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর বিষয়ে পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সাম্প্রদায়িক এক্টিভিস্ট সক্রিয় রয়েছে। আপনারা উসকানিমূলক কিছু দেখলে মাথা গরম না করে আমাদের অবহিত করুন। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। যে কোনও সমস্যার সমাধানে আমরা আন্তরিক।’

পূজার নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের দায়িত্ব উৎসব উদযাপন করা, ধর্মীয় আচার-আচরণ পালন করা। নিরাপত্তা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনাদের না, নিরাপত্তার দায়িত্ব সরকারের। পূজায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে।’

কমিশনার আরও বলেন, ‘প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানে আমরা সচেষ্ট। কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।’