English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৩১

ঢাকা-শরীয়তপুর রুটে নৌ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
ঢাকা-শরীয়তপুর রুটে নৌ চলাচল বন্ধ

প্রবল বৃষ্টি, বৈরি আবহাওয়া আর লঞ্চডুবির ঘটনায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে শরীয়তপুর ও ওয়াপদা রুটে নৌ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সকাল আটটার পর থেকে ওই রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে পদ্মার প্রবল স্রোতের তোড়ে পন্টুন বিচ্ছিন্ন হয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটে। এরপর থেকেই ঢাকা-শরীয়তপুর রুটে নৌ চলাচল বন্ধ করে দেয়া হয়।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন সংবাদমাধ্যমে জানান, ঢাকা নদীবন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এই রুটে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চের চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

ভোরে বিভিন্ন রুটে চলাচলকারী মৌচাক-৪, মহানগরী ও নড়িয়া-১ নামের তিনটি লঞ্চ ডুবে গেছে। এর মধ্যে মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ নারায়ণগঞ্জে চলাচল করে। এসব লঞ্চডুবির ঘটনায় এখনো বেশ কয়েকজন কর্মী ও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।