English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৪৪

দুপুরে কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
দুপুরে কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’যোগ দিতে শনিবার কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন শুক্রবার একটি গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে কাজাখস্তানের আস্তানার উদ্দেশে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

একইদিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন। সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সঙ্গে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।