English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৪

বাংলাদেশের প্রশংসা ইন্দোনেশিয়া রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রশংসা ইন্দোনেশিয়া রাষ্ট্রদূতের

মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।

মানবিক বিবেচনায় মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘এ ক্ষেত্রে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিয়েছে।’ বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য বিরাট বোঝা। আমরা শুধু মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি।’

প্রসঙ্গত, গত মাস থেকে ফের মিয়ানমার সরকার রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম গোষ্ঠীর ওপর সেনা অভিযান শুরু করে। এর পরপরই গত ১০ দিনে জাতিসংঘের হিসেবে ৯০ হাজারের মতো রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়।