English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৭ ১২:১৩

ছাত্রলীগ ও পুলিশের নাম বলে ঢাবি এলাকায় ছিনতাই

অনলাইন ডেস্ক
ছাত্রলীগ ও পুলিশের নাম বলে ঢাবি এলাকায় ছিনতাই

ঈদ উপলক্ষে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার কথা বলা হলেও স্বয়ং পুলিশ ও ছাত্রলীগের নাম করে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এমন ঘটনার সম্মুখীন হয়েছেন কালের কণ্ঠের গাড়িচালক মাহাবুবুল আলম।  

গাড়িচালক মাহাবুবুল আলম জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি কালের কণ্ঠের অনলাইন শাখার সহসম্পাদক মিঠুন কুমার পালকে সায়েদাবাদে নামিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় দোয়েল চত্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী গাড়ির পথ রোধ করে রমনা থানার ওসির নাম বলে তার কাছে চাঁদা দাবি করে।  

এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে কালের কণ্ঠের অনলাইনের ইনচার্জ আহ্সান কবীরের সাথে মুঠোফোনে কথা বলিয়ে দিলে দুষ্কৃতকারীদের একজন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখা ছাত্রলীগ নেতা মেহেদী বলে পরিচয় দেয়। এবং মুঠোফোনেই আহ্সান কবীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে মাহাবুবুল আলমের কাছে তেমন টাকা-পয়সা না পেয়ে তার মুঠোফোনটি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসির সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, দোয়েল চত্বর এলাকায় পুলিশের টহলদল রয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। তবে গাড়িচালক মাহাবুবুল আলম তার সাথে যোগাযোগ করলে তিনি তাকে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।