English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৭ ১১:০৩

দাম কম, উপদ্রব নেই মৌসুমি চামড়া ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক
দাম কম, উপদ্রব নেই মৌসুমি চামড়া ব্যবসায়ীদের

এ বছর চামড়ার মূল্য কম।  তার ওপর সরকার নির্ধারিত চামড়ার মূল্য আরও কম।  তাই কোরবানির ঈদে এবার মৌসুমি চামড়া ব্যবসায়ীদের উপদ্রব নেই।

শনিবার রাজধানীর খিলগাঁও, মালিবাগ, রামপুরা, শান্তিনগর, মধুবাগ ও মীরবাগসহ আশেপাশের এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে,  প্রতিটি গরুর চামড়া ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।  অথচ গতবছর ওই একই চামড়া বিক্রি হয়েছে ৮০০-৯০০ টাকায়।  অন্যদিকে খাসি বা বকরির চামড়া বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়।

এদিকে এবারে সরকারের পক্ষ থেকে ঢাকায় গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা। যা ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা।  অন্যদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা, বকরির চামড়ার প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা এবং মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ টাকা।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পশু কোরবানি।  সকালে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরু কিংবা ছাগল কোরবানি শুরু হয়।  আর এ সময় সাধারণত কোরবানি করা পশুর চামড়া সংগ্রহে মাদরাসা কিংবা এতিমখানার সঙ্গে পাড়ায় মহল্লায় মৌসুমি ব্যবসায়ীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।  তবে এ বছর দাম কম থাকায় মৌসুমি চামড়া ব্যবসায়ীদের উপদ্রব তেমন একটা নেই।