English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৭ ১১:২৭

ঈদে হুমকি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেস্ক
ঈদে হুমকি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা

আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদে যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। তবে সব ধরণের হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। মানুষের যে ভোগান্তি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকবে-সে ধরণের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আমরা সকলে মিলে কাজ করছি। আশাকরি, আগামী দুইদিনও সমস্যা হবে না। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে এলপিজি গ্যাসের সংকট মেটাতে আজ থেকে ঈদের ছুটিতেও মহাসড়কে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি চলবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ঈদকে ঘিরে দেশের বিভিন্ন মহাসড়কে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি চলাচল করতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আর এই সংকটের কারণ নির্ধারিত সময়ে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি না পৌঁছানো।