English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৭ ১৬:৩০

নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডনে যেতে বাধা দেয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডনে যেতে বাধা দেয়ার অভিযোগ

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৯ জুলাই) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে লুনার লন্ডনযাত্রা বাতিল হয়ে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের বিস্টলে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার। 

সে অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু  এর আগে সকাল ১০টার দিকেই ইমিগ্রেশন বিভাগে ইলিয়াস আলীর স্ত্রীকে আটকে দেওয়া হয়। তবে তার অপর ছেলে লাবিব সারার অর্নবকে ইমিগ্রেসনে কোন বাধা দেওয়া হয়নি।  

ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট ছেলে লাবিব সারার অর্নব যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইলিয়াস আলী নিখোঁজের সময় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে এখন অষ্টম শ্রেণির ছাত্রী।