English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১১

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশি এক শিক্ষার্থীকে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আটক করেছে বলে জানিয়েছেন একজন মানবাধিকার আইনজীবী। 

মঙ্গলবার বিমানবন্দরে নামার পর শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ওই তরুণকে আটক করা হয় বলে সে মানবাধিকার কর্মী তার ফেসবুকে জানিয়েছেন।

মানবাধিকার আইনজীবী ইমান বুকাডুম ফেসবুকে এক বার্তার মাধ্যমে জানান, ছাত্রটি বাংলাদেশ থেকে ৩০ ঘন্টা বিমান ভ্রমণ শেষে জেএফকে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে আইসিই(ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট) হেফাজতে নেয়া হয়।

তিনি আরো বলেন, ‘ছাত্রটি এফ-১ স্টুডেন্ট ভিসা নিয়ে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এরপর সিবিপি (কাস্টমস এবং বর্ডার প্রতিরক্ষা বাহিনী) তাকে ইংরেজিতে তিনটি ভিন্ন কক্ষে ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। যদিও সে ইংরেজিতে মোটেও দক্ষ ছিল না এবং সুদীর্ঘ ৩০ ঘন্টা বিমান ভ্রমণ করেছিল।

ইমান বাকাডুম বাংলাদেশি শিক্ষার্থীর নাম প্রকাশ করেননি। কিন্তু তিনি ওই তরুণকে রক্ষার জন্য সহকর্মী আইনজীবীদের সহায়তা কামনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছাত্রটির অসহায়ত্বের কথা উল্লেখ করে জানান, আটক করার পর সে বার বার আত্মহত্যা করতে চেয়েছিল। তিনি ছাত্রটিকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করতে পারবে এরকম দক্ষ ইমিগ্রেশন আইনজীবীর সন্ধান করেন।

তিনি বলেন, সে আত্মহত্যা করার মতো অবস্থায় রয়েছে। সে দিনে ৭ বার আমাকে ফোন করে তাকে মুক্ত করার জন্য কান্নাকাটি করে।  সে বিরামহীন ফোন করে চলছে এবং কান্নাকাটি করছে। পুরো বিষয়টিই একটি হৃদয়বিদারক ঘটনার মতো।

ইমান তার বিবৃতিতে উল্লেখ করেন, আইসিই হেফাজতে তাকে প্রহার করার হুমকি দেয়া হয়। আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করে তার সঙ্গে কথা বলা হয়। কিন্তু তরুণটি তাদের ভাষা পুরোপুরি বুঝতে এবং বলতে অপারগ। এছাড়া কিছুক্ষণ পর পর তার দেহ তল্লাশি করে তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশি তরুণটিকে নিউজার্সির অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়েছে। এটি সবচেয়ে খারাপ অভিবাসী আটক কেন্দ্র হিসেবে পরিচিত। অবশেষে তাকে প্যারোলে মুক্তি দেয়ার জন্য শুনানি ধার্য করা হয়েছে।