English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ১২:৪০

রাজধানী বাস-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী বাস-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলামকে (৭৬) নামে একজন বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেলের ফাঁড়ি পুলিশের এএসআই মো. বাবুল মিয়া জানান।

তিনি বলেন, ওই অটোরিকশার যাত্রী রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের বাড়ি চুয়াডাঙ্গায়, তিনি ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন।

আহতরা হলেন, রফিকুলের মেয়ের জামাই মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশাচালক আবুল কালামসহ (৫৫) আরেকজন এ দুর্ঘটনায় আহত হয়েছেন। মফিজুল গাবতলী থেকে শ্বশুরকে নিয়ে অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে এএসআই বাবুল জানান।