English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১১:০৮

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রথম বারের মত দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 

জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। 

নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। 

জানা গেছে ৬১ জেলার মধ্যে অন্তত ৩০ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইতিমধ্যে অনেক জেলায় বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। এ ছাড়া কিছু জেলায় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রয়েছে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন।