English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৬

বিমানে ত্রুটির মামলা: ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
বিমানে ত্রুটির মামলা: ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা মামলা তদন্তের ভার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

এই মামলায় আগামী ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিকেলে মামলার এজাহার পৌঁছালে আদালত বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম মিয়াকে মামলাটি তদন্ত করে ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।   এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা করেন। 

আসামিরা হলেন- বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।   গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।