English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ২১:৫২

কেউ নিখোঁজ মানেই সে জঙ্গি নয়

নিজস্ব প্রতিবেদক
কেউ নিখোঁজ মানেই সে জঙ্গি নয়

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, কেউ নিখোঁজ হওয়া মানেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েছেন এমন নয়। এজন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, অনেকে পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে চলে যায় আবার ফিরে আসে। তারপরও পুলিশকে বিষয়টি জানালে আমরা খুঁজে বের করে আনার চেষ্টা করি এবং অধিকাংশ  ক্ষেত্রে সফল হয়েছি।

শহিদুল হক বর্তমানে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভালো আছে জানিয়ে আরো বলেন, জঙ্গিরা বাংলার মাটিতে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। জঙ্গিরা ইদানিংকালে যে সমস্যার সৃষ্টি করেছিলো তা কঠোর হস্তে দমন করা হয়েছে। তাদের আমরা অনেক চাপে রেখেছি। তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি। তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারে সাধারণ জনতার সাথে মিশে গেছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ তাদের কথাবার্তা ও আচার-আচরণ ওইখানে বসবাসকারীদের মতো। আমরা তাদের নজরদারিতে রেখেছি যাতে তারা কোনভাবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।