English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৯

পছন্দ মত এয়ারলাইন্সে হজে যেতে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
পছন্দ মত এয়ারলাইন্সে হজে যেতে আর বাধা নেই

বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে হজে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সে হজে যেতে আর কোনো বাধা রইলো না।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ।    আদালতে বিবাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। 

এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহনে হজে যেতে পারবে না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল। 

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহ-সভাপতি আব্দুল কবির খান, মহাসচিব শেখ আব্দুল্লাহ ও রেজাউল ইসলাম নামের এক হজ যাত্রী।

একই সালের ২৯ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং পছন্দমতো বিমানে হজে যাওয়ার অনুমতি দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।   রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজ যাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন আদালত।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ নিজেদের পছন্দ মতো যে কোনো এয়ারলাইন্সে যাত্রীরা হজে যেতে পারবেন বলে রায় দেন। 

এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দেন পূর্বের দেয়া রায় বহাল রাখেন।