English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

শাকিলের মরদেহের ময়নাতদন্ত চলছে

অনলাইন ডেস্ক
শাকিলের মরদেহের ময়নাতদন্ত চলছে

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে। 

বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢামেক হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত শুরু হয়। 

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, শাকিলের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে সোহেল মাহমুদ ছাড়াও রয়েছেন সহযোগী অধ্যাপক ডা. শফিউজ্জামান (খায়ের) এবং ঢামেকের প্রভাষক প্রদীপ বিশ্বাস।

এর আগে বুধবার সকাল ৭ টা ৫০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে একটি লাশবাহী ফ্রিজারভ্যানে তার মরদেহ ঢামেকে আনা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মধাহ্নভোজনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল (৪৮), গুলশান–২ নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

শাকিলের মারা যাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে রেস্টুরেন্টটি। জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারসহ ৬ জনকে আটক করা হয়।