English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৪

ইদ্রিস আলীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক
ইদ্রিস আলীর ফাঁসির আদেশ
পলাতক ইদ্রিস আলী

মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলী সরদারকে (৬৭) ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার ৫ ডিসেম্বর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলার রায় দেন।

ইদ্রিস আলীর বিরুদ্ধে শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন-ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়। 

এই রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম বলেন, ইদ্রিসের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। অপর আরেকটি অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। 

মামলার অপর আসামি মো. সুলাইমান মোল্লা (৮৪) সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

চলতি বছরের ২ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। 

গত বছরের ২২ ডিসেম্বর শরীয়তপুরের রাজাকার মো. সুলাইমান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

এর আগে ২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার রাজাকার মো. সুলাইমান মোল্লা ও ইদ্রিস আলী সরদারসহ আরো সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।মামলার অধিকাংশ আসামিই মৃত্যুবরণ করেছেন।