English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৮

বাজারজুড়েই আছে গরু, দাম ছাড়ছেন না বেপারিরা

অনলাইন ডেস্ক
বাজারজুড়েই আছে গরু, দাম ছাড়ছেন না বেপারিরা

বাজারজুড়েই পড়ে আছে গরু। এর উপর রবিবার থেকেই শহরের বাজারগুলোতে ঢুকছে প্রচুর পরিমান গরু। তবুও দাম ছাড়ছেন না গরু বেপারিরা। কারণ আজ সোমবারই গরু বাজারের শেষ দিন। গরু বেপারিরা ও ক্রেতারা জানিয়েছেন-ওই দিন গরুর দাম হয়তো বেড়ে যাবে, না হয় কিছুটা কমে যাবে। দাম কিছুটা কমে যাবার এই আশঙ্কাকে মাথায় নিয়েও ঝুঁকিটা নিতে চাচ্ছে বেপারিরা। তাই অতিরিক্ত দাম হাঁকিয়ে এখনও ক্রেতার মনোভাব বুঝতে চাচ্ছেন তারা। বিক্রি না হলে আজ সোমবার তো হাতে পড়ে আছেই। রবিবার রাতে নগরীর বেশ কয়েকটি গরু বাজার ঘুরে এই চিত্র ধরা পড়েছে। বনানী এলাকায় গরুর বাজারে দেখা যায়, বাজারজুড়েই ঘরুর ভিড়। গরু বসানোর নির্ধারিত জায়গা ছাড়াও সড়কগুলোতেও গরুতে ভরে গেছে। এর মধ্যে কিছুক্ষণ পর পর ট্রাক করে গরু নিয়ে বাজারে প্রবেশ করছেন গরু বেপারিরা। সেই গরুগুলোকে বাজারে জায়গা দিতে একপ্রকার হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তবে বাজারে এত গরু থাকার পরেও বিক্রেতাদের চেহেরায় চাপ নেই। ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা  গরুর এমন দাম হাঁকাচ্ছেন, যা গরুর ওজন হিসেবে অনুযায়ী অনেক বেশি। তারা এখনও দাম ছাড়ছেন না। তবে ক্রেতাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিক্রেতাদের পাল্টা বক্তব্য, গরু পালনে অনেক খরচ পড়েছে। এর উপর যাতায়াত খরচসহ সবমিলিয়ে অনেক টাকা চলে যায়। তাই এত দাম বলছি। গরু বেপারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার গরু বাজারের শেষ দিন। ওইদিন দাম বেড়ে যেতে পারে গরুর। এতে চাহিদার চেয়ে অতিরিক্ত লাভ পেতে পারেন তারা। পাশাপাশি শেষদিনে দাম কিছুটা পড়ে যাবার শঙ্কাও আছে তাদের মনে। তবুও এই কম লাভের ঝুঁকিটা মাথায় রেখেই গরু বেপারিরা কালকের জন্য অপেক্ষ‍া করছেন-যদি দাম বেশি পাওয়া যায়!