English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫০

পানছড়িতে ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
পানছড়িতে ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ

“প্রয়োজনে রক্ত দেবো, তবু ভিটা-জমি ছাড়বো না" এ স্লোগানকে ধারণ করে  পানছড়িতে উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পানছড়ি ভূমি রক্ষা কমিটি।

আলুটিলায় বিশেষ পর্যটন ও পানছড়ির ঝর্ণা টিলায় ভূমি বেদখল ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ এলাকায় এ সমাবেশে করে নেতৃবৃন্দরা।

আওয়ামীলীগ-বিএনপি কোন সরকারের আমলেই স্থানীয় পাহাড়ীরা নিরাপদ নয় উল্লেখ করে নেতৃবৃন্দরা ভূমি দখল করে পর্যটন করার প্রক্রিয়া বন্ধের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পানছড়ি ২৪১ নং লতিবান মৌজার হেডম্যান ভূমিধর রোয়াজার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, পানছড়ির ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, পানছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রত্ন তঞ্চঙ্গ্যা, পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা, পানছড়ি সাঁওতাল উন্নয়ন সংসদ সভাপতি মিন্টু সাঁওতাল, পানছড়ি ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম সভাপতি অভিরঞ্জন ত্রিপুরা, পানছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদ সাংগঠনিক সম্পাদক মণিন্দ্র লাল ত্রিপুরা, পানছড়ি হেডম্যান প্রতিনিধি অরুণ জয় রোয়াজা, পানছড়ি উপজাতীয় সাংস্কৃতিক সংঘ সভাপতি প্রিয়ংকর চাকমা প্রমূখ।

এসময় বিভিন্ন সংগঠন ভূমি রক্ষা কমিটির সাথে সংহতি প্রকাশ করেন।

বক্তরা বলেন, উপজাতীয় নেতৃবৃন্দদের সাথে আলোচনা না করে সরকার ও স্থানীয় প্রশাসন মনগড়া ভাবে উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠিগুলোকে বস্তুভিটা থেকে উচ্ছেদ করে দখল পক্রিয়া চালিয়ে যাচ্ছে। যার ফলে সর্বশান্ত হতে হচ্ছে জুম্ম জনগণকে। একের পর এক পাহাড়িদের ভূমি নিয়ে এ ধরণের বৈষম্যমুলক অন্যায় আচরণ মেনে নেওয়া হবে জানিয়ে প্রয়োজনে রক্ত দিয়ে প্রতিরোধ,আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী জানান বক্তরা।

পানছড়ি কলেজ গেইট এলাকায় প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাজারের দিকে যেতে চাইলে পুরাতন বাস ষ্টেশন এলাকায় পুলিশ বাঁধা পড়ে। পরে কিছুক্ষণ অবস্থান শেষে বিক্ষোভ মিছিল পূর্বের সমাবেশ স্থলে এসে কর্মসূচী সমাপ্ত করে।