English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৫

৯ দিনের ছুটি, সিদ্ধান্ত ২৪ ঘণ্টায়

অনলাইন ডেস্ক
৯ দিনের ছুটি, সিদ্ধান্ত ২৪ ঘণ্টায়

ঈদুল আজহার ৩ দিন সরকারি সাধারণ ছুটির আগে ও পরে বাড়তি দুইদিন ছুটির ঘোষণা আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

আগামী ১৩ তারিখ অনুষ্ঠিত হবে ঈদ-উল-আজহা। ফলে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর ছুটি ধারণা করা হয়। এক্ষেত্রে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি হিসেব করলে ৯ সেপ্টেম্বর শুক্রবার ও ১০ সেপ্টেম্বর শনিবারসহ মোট ছুটি দাঁড়ায় ৬ দিন। আর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকলে ১৬ ও ১৭ তারিখ শুক্র ও শনিবারসহ মোট ছুটি দাঁড়ায় ৯ দিন।

জানা গেছে, সরকার ঈদের আগে ও পরে ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনা করতে চাইছে।

এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদের আগের রোববার (১১ সেপ্টেম্বর) এবং পরের বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাধারণ ছুটির বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আজকালের মধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন।