English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৮:২৮

‘সন্ত্রাস আন্ডার থেকে আপার গ্রাউন্ডে উঠেছে’

অনলাইন ডেস্ক
‘সন্ত্রাস আন্ডার থেকে আপার গ্রাউন্ডে উঠেছে’

গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের (জিসিই) ভাইস প্রেসিডেন্ট রাশেদা কে চৌধুরী বলেছেন, সন্ত্রাস এখন আন্ডার গ্রাউন্ড থেকে আপার গ্রাউন্ডে উঠে এসেছে।

সোমবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিভ্রান্ত, বিপথগামী তরুণ/শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও সরকারের ভূমিকা এবং পাবলিক শিক্ষার সমর্থনে জাতিসংঘের ঐতিহাসিক প্রস্তাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট (এনএফটিই) যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব ও ধারণাপত্র উপস্থাপন করেন অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

রাশেদা কে চৌধুরী বলেন, সন্ত্রাস এখন ব্যাধির মতো সারাদেশে ছড়িয়ে পড়ছে। এখনই এটা রোধ করা না গেলে দেশের সব অর্জন বৃথা যেতে পারে।

তিনি আরো বলেন, এখন সন্ত্রাসী ধরা হয়। আবার বিচারও হয় না। সন্ত্রাসী ধরার সঙ্গে সঙ্গে তৈরি হয় ধূম্রজাল। এ যাবত একজন সন্ত্রাসীরও বিচার হয়নি। এই বিচারহীনতার কারণেই সন্ত্রাসের লাগাম টেনে ধরা যাচ্ছে না। পরিস্থিতি হচ্ছে ভয়াবহ।

‘আজ প্রমাণ হচ্ছে অবৈধ উপার্জনকারীর ঘরে মূল্যবোধ তৈরি হয় না। দেশের ৮৭ ভাগ নারী নিজের ঘরে নির্যাতিত হচ্ছে। এ দেখে ওইসব ঘরের সন্তানেরা কি করবে?

শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের প্রসঙ্গে রাশেদা বলেন, দেশের তথাকথিত শিক্ষকরা আজ শুধুই অর্থের পিছনে ছোটে। তারা গাইড বানায়, কোচিং ব্যবসায় মেতে থাকে। এখন আদর্শ শিক্ষকের দেখা মেলে না। যাকে তরুণ-তরুণীরা রোল মডেল হিসেবে অনুসরণ করতে পারে।

পরীক্ষার পর পরীক্ষার বোঝা চাপিয়ে ছেলে-মেয়েদের সুস্থ সংস্কৃতি ও বিনোদনের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। এদিকে রাজনীতির নামে চলছে কাদা ছোড়াছুড়ি। এই কাদা ছোড়াছুড়িতে অসুরের জন্ম হচ্ছে।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, মনিরা আফরোজ, মো. নুরুন নবী, অধ্যাপক ড. তারিক আহসান, অধ্যক্ষ নুরুন নবী সিদ্দিকী প্রমুখ।