English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ০১:২৩

হাসপাতাল থেকে ডিবি অফিসে আর্টিজানের দুই কর্মী

অনলাইন ডেস্ক
হাসপাতাল থেকে ডিবি অফিসে আর্টিজানের দুই কর্মী

গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এটির দুই কর্মীকে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা হলেন- জাকিরুল হোসেন (২২) ও রাজারেস সরেন  (৫০)।

ওই হামলায় আহত এই দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বলেন, গত ৫ জুলাই পুলিশি পাহারায় জাকিরুল ও রাজারেসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের পেটে ও পায়ে স্পিøন্টারের আঘাত ছিল। আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের ছাড়পত্র দেন চিকিৎসক।

বাচ্চু মিয়া আরও জানান, এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুনের নেতৃত্বে একটি দল দুজনকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যান। জাকিরুল হোসেন আর্টিজানের হোম ডেলিভারিম্যান ও রাজারেস ইলেকট্রিশিয়ানের দায়িত্ব পালন করতেন।

১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে ওই স্প্যানিশ রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ ২২ জন দেশি-বিদেশি নিহত হন। পরে সেনাবাহিনীর থান্ডারবোল্ট নামের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।