English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৪:৪৬

যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল

অনলাইন ডেস্ক
যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল

বিএনপি সরকারের সময় পাওয়া যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

সচিবালয়ে বুধবার (১৩ জুলাই) রাজউকের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্বল্পসুদ ঋণ চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্লট বাতিলের কথা জানান মন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের যে প্লট দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে। কোনো কোনো যুদ্ধাপরাধী, কারো নাম বলব না, তারা প্লট ডেভেলপারকে দিচ্ছে। ডেভেলপারের তো কোনো দোষ নেই। ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে বাকি অংশ আমরা নিয়ে নেব।’

যুদ্ধাপরাধী নাম বলবেন না কেন- একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রী সহাস্যে বলেন, ‘যুদ্ধাপরাধী তো অনেকেই আছে। যাদের নামে আছে সবগুলোই আমরা নিয়ে নিচ্ছি।’

গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সরকারি প্লট ছিল । গত ৫ মে নিজামী ও গত বছরের ২২ নভেম্বর মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।