English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৫:৫২

জঙ্গি ইস্যু: বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ডেকেছে সরকার

অনলাইন ডেস্ক
জঙ্গি ইস্যু: বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ডেকেছে সরকার
জঙ্গি হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার তথ্য আসার প্রেক্ষাপটে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের ডেকেছে সরকার।
 
আগামী ২৩ জুলাই সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
 
ওই কর্মকর্তা বলেন, গত রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের এই সিদ্ধান্ত হয়।
 
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, শিক্ষাবিদ ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে ওই কর্মকর্তা জানান।
 
ওই বৈঠকের আগেই ১৭ জুলাই দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে শিক্ষামন্ত্রী থাকবেন। বর্তমানে বাংলাদেশে ৩৮টি সরকারি এবং ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে ৩৭টি সরকারি এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।