English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ১৬:২৪

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন অনুমোদন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন অনুমোদন

‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে  এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ১৯৭৬ সালে অধ্যাদেশ জারির পর ১৯৮৪ ও ১৯৯৬ সালে দুই দফা তা সংশোধন করা হয়। এবার মূলত কৃষি খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করতেই এই আইন তৈরির প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

পাশাপাশি কৃষি গবেষণাকে ‘আধুনিক ও যুযোপযোগী’ করার বিষয়টি মাথায় রেখে এই খসড়া করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন,  কৃষি গবেষণা ১৯৭৬ সালে যেখানে ছিল, এখন আর সেখানে নেই। পৃথিবী অনেক এগিয়ে গেছে। নতুন পরিস্থিতির সাথে তাল মেলাতে সক্ষমতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে।

প্রস্তাবিত আইনে সংযোজিত নতুন বিষয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রম গ্রহণ, ইনস্টিটিউটে নতুন জাতের বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, কৃষিতে আইসিটির প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শস্য উৎপাদনের জন্য পঞ্জিকা তৈরি ও প্রকাশের কথাও রয়েছে।

আগের অধ্যাদেশে ১৮টি ধারা থাকলেও নতুন আইনের খসড়ায় আরও চারটি ধারা যোগ হয়েছে বলে জানান শফিউল আলম।