English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ১০:৩১

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জনিয়েছেন।
 
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
 
বাণীতে রাষ্ট্রপতি বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ এ প্রত্যাশা করি।
 
আবদুল হামিদ বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়।
বাণীতে তিনি বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক এই আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।