English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ০৯:৪৯

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৭টায় প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করতে সকাল থেকেই মুসল্লিরা ছুটেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দিকে। পাঞ্জাবী-পায়জামা আর তসবিহ জায়নামাজ নিয়ে বড়দের পাশাপাশি ছোট শিশু-কিশোররাও শরিক হাজির হয় সেখানে।

ঈদুল ফিতরের নামাজের পর দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বায়তুল মোকাররম এলাকা। গুনাহ মাফের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ইমাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই।

বায়তুল মোকাররমে এবারও মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অন্য ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায়। দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, তৃতীয়টিতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থটিতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট মোড় সংলগ্ন জাতীয় ঈদগাহে। প্রধান এ ঈদ জামাতে ইমামতি করেছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থেকেছেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম খতিব হাফেজ নাজীর মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে মোট ৪০৮টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দেশের বৃহত্তম এই ঈদ জামাতে ইমামতি করেন।