English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১২:৫৫

শিক্ষিত-ধনী পরিবারের সন্তান হামলাকারীরা

অনলাইন ডেস্ক
শিক্ষিত-ধনী পরিবারের সন্তান হামলাকারীরা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে যারা হামলা চালিয়েছে তারা কিছু দাবি করেনি। তার মতে হামলাকারীরা ২০ জনকে হত্যা করেছে। অবশ্য এ হামলাকারীরা উচ্চ শিক্ষিত ও ধনী পরিবারের সন্তান।

আইএস শুক্রবারের ওই হামলার দায় স্বীকারের দাবি করলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাও প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার রাতে হামলার কয়েক ঘণ্টা পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় যে রেস্তোরায় হামলাকারী জঙ্গিরা তিনটি শর্ত দিয়েছে।

কিন্তু রয়টার্সের সাথে সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী এটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সাত জন জঙ্গি ২০জনকে হত্যা করেছে তারা কোন শর্ত দেয়নি।

তিনি বলছেন যে সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামিক স্টেটের দায় স্বীকারের বিষয়টি প্রত্যাখ্যান করে রয়টার্সকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইসলামিক স্টেট নয় বরং হোমগ্রোউন বা স্থানীয় ভাবে তৈরি হওয়া জঙ্গিরা এসব ঘটনার সাথে জড়িত।

জঙ্গিদের যেসব ছবি আইএস প্রচার করেছে সে প্রসঙ্গে তিনি বলেন আইএস র একটি পোস্টারের সামনে বন্দুক হাতে নিয়ে দাঁড়ালেই কি আইএস হয়ে গেলো ? স্বরাষ্ট্রমন্ত্রী আবারো জেএমবিকেই এসব ঘটনার জন্য দায়ী করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ১৭ জন বিদেশী ও তিন জন বাংলাদেশী নিহত হয়েছে জঙ্গিদের হাতে। এর মধ্যে ১০ জন নারী ও ১০ জন পুরুষ। তাদের বিদেশীদের মধ্যে ইটালি, জাপান ও ভারতের নাগরিকরা রয়েছে। নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।