English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ১৮:০৩

লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলেই শাস্তি

অনলাইন ডেস্ক
লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলেই শাস্তি

এবারের ঈদ সময়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে ওই লঞ্চের যাত্রা বাতিল করে হবে। পাশাপাশি লঞ্চ কর্তৃপক্ষকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে মঙ্গলবার (২১ জুন) নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খানের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

শাজাহান খান বলেন, ‘নৌ-দুর্ঘটনা রোধে নৌপরিবহন মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। ঢাকা নদী বন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া নদীকেন্দ্রিক ৪৭টি জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট লঞ্চঘাট এলাকায় অবৈধ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে।’

মন্ত্রী জানান, ‘ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সদরঘাট টার্মিনালে টিকিট কাউন্টার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ নদীবন্দরে টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা আছে। এছাড়া ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ নদীবন্দরে সিসি টিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সকল নদীবন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।’