English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ১৭:৪৮

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে পানিতে তলিয়ে যাবে দেশ

অনলাইন ডেস্ক
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে পানিতে তলিয়ে যাবে দেশ

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বেড়ে গেলে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২১ জুন) জাতীয় বননীতিবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বন অধিদফতর, সিআরপিএআরপি (ক্লাইমেট রিজিলেন্স পার্টিসিপেটরি অ্যাফোরসেশন অ্যান্ড রিফোরসেশন প্রোজেক্ট) এবং বিশ্বব্যাংক এ কর্মশালা আয়োজন করে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বন ও জলবায়ু নিয়ে বিশ্বের অনেক দেশ সমস্যা থাকলেও তা নিয়ে তেমন উচ্চবাচ্য হয় না। তাপ বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বেড়ে গেলে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাও থাকবে না।’

তিনি বলেন, ‘তাজমহল যমুনার পাড়ে। এ যমুনা যে এখন ড্রেন হয়ে গেছে তা কেউ দেখে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমাদের সমস্যা আছে। তবে তা বাংলাদেশের মানুষ মোকাবিলা করতে পারবে। সবুজ বিশ্বের বাংলাদেশ অংশের কাজ আমরা এগিয়ে নেব।’

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ ও বন উপমন্ত্রী মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জনজীবনকে রক্ষা করে। ২২ বছর পর বননীতি উন্নত করার কাজ চলছে। ২২ বছর পরের এই কাজ যাতে অর্থবহ হয় সে দিকে গুরুত্ব দিতে হবে।’

আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের রাজেস্রী পারালকার, এগ্রিকনসালটিং-এসওডিইভি-এর টিম লিডার ড. এইসএস পাবলা, সিআরপিএআরপি প্রোজেক্ট ডিরেক্টর উত্তম কুমার সাহা, ড. ডেনিস কেনজাল প্রমুখ। সভাপতিত্ব করেন বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী।