English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৭:২২

হতদরিদ্রদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ

অনলাইন ডেস্ক
হতদরিদ্রদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ

ফেনী-৩ আসনের সংসদ সদস্য মো. রহিম উল্লাহর এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আগামী অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।’

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সোমবার (২০ জুন) মন্ত্রী সংসদকে এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, ‘কৃষিবান্ধব সরকার সকল প্রকার কৃষি উৎপাদন বিশেষত দানাশস্য উৎপাদনে নানামুখী কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ২০১২ সালের পর থেকে সরকার বিদেশ থেকে চাল আমদানি করেনি। বেসরকারি পর্যায়ে আমদানি করা হলেও তা বিনা শুল্কে নয়। বরং বিদ্যমান নীতিমালার ২০ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাল আমদানি করা হয়। শুল্ক আরোপের ফলে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরাও ২০১৫ সালের ডিসেম্বরের পর আর কোনো চাল আমদানি করেনি।’

মন্ত্রী জানান, বিদেশ থেকে চাল আমদানিকে নিরুৎসাহিত করার জন্য চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও আমদানির ওপর ৩০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। এর ফলে চাল আমদানি আরও নিরুৎসাহিত হবে। সারাদেশে আগামী ২০১৬-১৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।’