English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৭:০৮

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রযেছে

অনলাইন ডেস্ক
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রযেছে

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সরবরাহ পরিস্থিতি যৌক্তিক রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সোমবার (২০ জুন) প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রয়েছে। প্রতিদিন ২টি করে টিম মোট ৬টি বাজার পরিদর্শন করে থাকে। এই টিমসমূহ অপরাধ সংঘটিত হলে প্রয়োজনে জরিমানাসহ শাস্তি আরোপ করে থাকে। চিনি ও ছোলাসহ কয়েকটি পণ্যের আমদানি নির্ভরতার কারণে ও আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির কারণে দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের বাজার নিয়ন্ত্রণ তথ্য দ্রব্যসামাগ্রীর মূল্য স্থিতিশীল ও যৌক্তিক রাখার লক্ষ্যে সারা বছর ধরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে। সরকার রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়মিত পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী যথোপযুক্ত কার্যক্রম গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূবার্ভাস সেল’ গঠন করা হয়েছে। এই সেল আন্তর্জাতিক ও দেশিয় উৎপাদন প্রতিদিন পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করে।