English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ০০:৪৯

ক্রসফায়ার নয়, প্রচলিত আইনে বিচার চাই’

অনলাইন ডেস্ক
ক্রসফায়ার নয়, প্রচলিত আইনে বিচার চাই’

‘সিদ্দিকী স্যার হত্যার পঞ্চাশ দিন পেরিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত একজনকে ঢাকায় কথিত ক্রসফায়ার করা হয়েছে। কিন্তু আমরা ক্রসফায়ার নয়, দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চাই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভাগের সভাপতি অধ্যাপক এএফএম মাসউদ আখতার।

এর আগে শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ‘সাপ্তাহিক’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ মিলিত হয়।

এছাড়া ইংরেজি বিভাগের ছোট কাগজ ‘সপ্তক’র পরবর্তী সংখ্যাটি অধ্যাপক রেজাউলকে উৎসর্গ করে প্রকাশ করা হবে বলে সমাবেশে জানানো হয়। গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসার পাশেই দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম। হত্যায় জেএমবি সংশ্লিষ্টতা আছে বলে দাবি করছেন রাজশাহী মহানগর পুলিশ।