English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৯:৫৪

প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছেছেন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছেছেন
পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা থেকে সোমবার (৬ জুন) সকালে পবিত্র নগরী মদিনায় পৌঁছেছেন। মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ স্থানীয় সময় সোমবার সকাল ১১.২০ টায় যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরের রয়েল লাউঞ্চে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছার পর একটি মোটর শোভাযাত্রায় তাকে মদিনা হিলটনে নিয়ে যাওয়া হয়। মদিনায় অবস্থানকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। খবর বাসসের পরে প্রধানমন্ত্রী সেখানে মসজিদ-ই-নববীতে জোহরের নামাজ আদায় করেন। তিনি পরে একই মসজিদে আসর, মাগরিব ও তারাবির নামাজ আদায় করবেন। পরে তিনি মহানবী হযরত মুহম্মদ (সঃ)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রয়েছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের উদ্দেশে মদিনার যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগ করবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত শুক্রবার জেদ্দায় যান।