English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৯:৪৮

কাল থেকে রোজা

অনলাইন ডেস্ক
কাল থেকে রোজা
বাংলাদেশের আকাশে সোমবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার শুরু হবে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
 
সোমবার (৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ১৪৩৭ হিজরি সনের রমজান মাসের তারিখ নির্ধারণে সোমবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী। সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। সভা শেষে ধর্মমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত। সোমবার শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর।