English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৫:০২

জামালপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
জামালপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪
জামালপুরের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের ভোট চলাকালীন সময়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময়ে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
 
শনিবার (২৮ মে) ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের জিয়া (৩২), একই গ্রামের নবম শ্রেণির ছাত্র নবীরুল ইসলাম (১৫), শেখপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫০) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাজে মিয়া (১৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
পরে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা জানান, সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জামালপুরের পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক এসআইসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন।