English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৯:৪৯

৫ খুনের বিচার ১৪ জুন শুরু

অনলাইন ডেস্ক
৫ খুনের বিচার ১৪ জুন শুরু

নারায়ণগঞ্জের আলোচিত একই পরিবারের দুই শিশুসহ ৫ জনকে খুনের ঘটনার বিচার কার্যক্রম আগামী ১৪ জুন শুরু হবে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত বৃহস্পতিবার মামলাটির চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানিয়ে বলেন, ৫ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলাটি বদলি হয়ে এলে বুধবার তা গৃহীত হয়।

পিপি খোকন আরও জানান, বুধবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৫ খুনের মামলাটি গ্রহণ করে সেশন নম্বর দেওয়া হয়েছে। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এটি জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করবেন (পিপি) এ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন।

চলতি বছর ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ জানুয়ারি গ্রেফতার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ ও নাজমাকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামী তাসলিমার সঙ্গে ‘পরকীয়ার’ জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আদালতকে জানিয়েছে মাহফুজ।