English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ০০:৫৮

ভিজিএফ কার্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার

ষ্টাফ রিপোর্টার
ভিজিএফ কার্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ভিজিএফ কার্ড ফাইল ছবি

ঢাকা: ‘পল্লী দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্যসহায়তা (ভিজিএফ) কার্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে  সরকার। এমন তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  

সোমবার সচিবালয়ে ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সভার সিদ্ধান্ত মোতাবেক  ‘ভিজিএফ কার্ডের পরিবর্তে পল্লী রেশনিং প্রকল্পের আওতায় দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কার্ড চালু করা হবে। আগামী জুলাই থেকে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সুলভমূল্যে চাল/গম দেওয়া হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল/গম দেওয়া হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, খুব শিগগির ইউনিয়ন পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করা হবে। 

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।