English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৬:০৮

চলে গেলেন সংগঠক শাহীন

এমএজামান
চলে গেলেন সংগঠক শাহীন

 

দীর্ঘ রোগভোগের পর মারা গেছেন কেন্দ্রীয় খেলাঘর কমিটির সহ-সাধারন সম্পাদক ও সাংবাদিক অাবু হাসান শাহীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ৪ এপ্রিল) সকাল ৭টায় ঢাকার কোনাপাড়া নিজ বাসভবনে মারা গেলেন এই খেলাঘর সংগঠক। আজ বাদ আছর কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খেলাঘর সংগঠক সিজার মল্লিক।

সিজার বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাহীন। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে গত কয়েক মাস আবারও ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় দশ দিন ধরে তাকে নিজ বাসভবন কোনাপাড়ায় আনা হয়।

শাহীন ছো্ট বেলা থেকেই সক্রিয় খেলাঘর সৈনিক হিসেবে বড় হন। পেশায় তিনি একজন গনমাধ্যমকর্মী। তিনি দিনের শেষে, দৈনিক ভোরের কাগজ, বাংলানিউজ২৪.কমে দীর্ঘদিনকাজও করেছিলেন। শিশুতোষ গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ছোটদের পত্রিকার সম্পাদক-প্রকাশক ছিলেন শাহীন বলে জানান তিনি ।

আবু হাসান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূইয়া,  সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, ঢাকা মহানগর কমিটির সভাপতি দৈনিক ভোরের কাগজ-দৈনিক দিনের শেষের সম্পাদক শ্যামল দত্ত,  সহ-সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ।

পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করেন তারা।