English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৪:২৪

আবাসিক এলাকার অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যেই সরাতে হবে

নিজস্ব প্রতিবেদক
আবাসিক এলাকার অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যেই সরাতে হবে

রাজধানীর ঢাকাসহ দেশের সব আবাসিক এলাকা থেকে অবৈধ ও অনুমোদিত সব প্রতিষ্ঠান ও স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো সরে না গেলে তাদের গ্যাস-বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়া হবে, ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো কর ও মূসক নেওয়া হবে না।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ-সংক্রান্ত কমিটির চার সুপারিশের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খল আবাসিক এলাকা গড়তে দেশের নগরগুলোর আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। তা বাস্তবায়ন করবে স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।   তবে অনুমতি নিয়ে করা বাণিজ্যিক স্থাপনাগুলোও পর্যায়ক্রমে সরাতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আবাসিক এলাকার চরিত্র ও বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে নয় বরং মানুষকে বুঝিয়ে তাঁদের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।