English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ২১:১৮
ইউপি নির্বাচন

‘অনেক চেষ্টা করেও সংঘর্ষ রোধ করা যাচ্ছে না’

অনলাইন ডেস্ক
‘অনেক চেষ্টা করেও সংঘর্ষ রোধ করা যাচ্ছে না’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে অনেক চেষ্টা করেও পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইউপি নির্বাচন নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ২০ জনের প্রাণহানির প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে, ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি। তারপরও হয়ে যায়।

স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয় বলে মনে করেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,  নির্বাচনে প্রতিযোগিতা এতই মুখোমুখি হয়, সেজন্য হয়তো এগুলোকে (সহিংসতা) কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে।